আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আশা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে কারোর ওপর এত বেশি আশীর্বাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই কারোর আশীর্বাদের আশায় না থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেন।
গতকাল শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা আসিফ আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা নামেই বিভাগ হবে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির বিশে^র ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এ সরকার সফল হবে ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খান, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের সহসাধারণ সম্পাদক মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।