চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করাসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, সরকারের দায়িত্ব বেকারত্ব দূর করা। ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্বের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দেন কিন্তু যখন তারা সরকারে চলে আসে তখন সেই প্রতিশ্রুতি ভুলে যান। এবারের এই সরকারে উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। আশা করব, তারা এটি ভুলে যাবেন না।
পিএসসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে এ ছাত্রনেতা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগের যে স্থবিরতা রয়েছে সেগুলো যেন অতি দ্রুত কাটিয়ে ওঠা হয়। এখনও পিএসসিতে আওয়ামী আমলের দোসর রয়েছে। তাদের বিরুদ্ধেও যেন তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাবি শাখার আহ্বায়ক মো: সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো :১. চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা। ২. প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা। প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির এক সেট উত্তর প্রকাশ করা। ৩. বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। ৪. পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করা।



