জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে।’

রোববার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক ইচলাদীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছেন।’

উজিরপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো: খোকন সরদারের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আ: মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ কাওসার হোসাইন, উজিরপুর পৌরসভার আমির মো: আল-আমিন সরদার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা কর্মপরিষদ শূরা সদস্য ও ইউনিয়নের আমিররা। এ সময় সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।