উখিয়ার পাশের উপজেলা নাইক্ষ্যংছড়ি ঘুমধুম-তুমব্রু সীমান্তে বিজিবি জোয়ানরা দুই বিষয়ে অভিযান চালাচ্ছে মরিয়া হয়ে। প্রথমত, অনুপ্রবেশ-চোরাচালান রোধ অপরটি অনুপ্রবেশ উৎসাহদানকারী দালালদের ঠেকানো। যারা বিজিবির কঠোর নিষেধাজ্ঞারোপের পরও টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসে। আর এ ধরনের অপচেষ্টাকালে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুশশব্যাক করা হয়েছে গতকাল শনিবার সকালে। পাশাপাশি গত ক’দিনে আটক করে থানায় সোপর্দ করে কতেক দালালকে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ও স্থানীয় সূত্রগুলো। অপর একাধিক সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু জলপাইতলী পয়েন্টের ৩২ নম্বর পিলার হয়ে অনুপ্রবেশ করা ১৪ রোহিঙ্গাকে গত শুক্রবার বিকেলে আটক করে জনতা। এরপর তাদেরকে ঘুমধুম বিওপির বিজিবি জোয়ানদের কাছে সোপর্দ করে তারা। যাদেরকে গতকাল শনিবার সকালে পুশব্যাক করে বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে। অপর দিকে গত শুক্রবার রাতে সীমান্ত পিলার ৩৩ এর নিকটবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢোরি নামক স্থানে অনুপ্রবেশের জন্য জড়ো হয় দুই শতাধিক রোহিঙ্গা। তারা গতকাল শনিবার বিকেল থেকে অবস্থান করছে বলে জানা গেছে।



