রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য সরদার হাসান ইলিয়াছ তানিমের ওপর ২০১১ সালে ছাত্রলীগের হামলার ঘটনায় সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া, সাবেক ছাত্র উপদেষ্টা মো: তারেক নুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদসহ তৎকালীন ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বাদি হয়ে রাজশাহী কোর্টে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর ছোটভাই মো: রোকনুজ্জামান।
ভুক্তভোগী শিক্ষার্থী সরদার হাসান ইলিয়াছ তানিম ২০০৮-০৯ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার দক্ষিণ কুলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি রাজশাহী স্থানীয় দৈনিক লাল গোলাপের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং দৈনিক সংগ্রামের বিশ্ববদ্যালয় প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদি মো: রোকনউজ্জামান বলেন, ২০১১ সালের ১৪ আগস্ট আনুমানিক বেলা ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের স্টোর রুম থেকে ককটেল উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ তার ওপর বর্বরোচিত আক্রমণ করে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য রাজশাহী জেলা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার থানা আমলি আদালতের মামলাটি কোর্ট আমলে নিয়ে ৭ জানুয়ারি ২০২৫ এর মধ্যে মতিহার থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।



