চাঁদপুরের ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরের সব খাল খননসহ পাঁচ দফা দাবিতে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। গতকাল বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁদপুর ও লক্ষীপুর জেলার ছয় উপজেলার ৫৮ হাজার হেক্টর জমি ও ২৮ হাজার হেক্টর আবাদি জমি নিয়ে এক শ’ কিলোমিটার পরিধির একটি বাঁধ রয়েছে। ১৯৭৮ সাল থেকে প্রকল্পটি পুরোদমে চালু হয়। বাঁধের উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ করে সেচের মাধ্যমে এক ফসলি জমিকে দুই-তিন ফসলি জমিতে রূপান্তর করে বেশি ফসল উৎপাদন করা এবং এই অঞ্চলের খাদ্য ঘাটতি দূর করা।

কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সেচের মাধ্যমে বোরো (ইরি), আমন উৎপাদন বেড়ে খাদ্য ঘাটতি দূর হলেও (আপেক্ষিক অর্থে) সিআইপি বাঁধ আশীর্বাদের পরিবর্তে এখন অভিশাপে পরিণত হয়েছে।
এ সময় সিআইপি বাঁধ, ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, কমরেড শাহাজাহান তালুকদার, রহিমা আক্তার পলি, মন্তাজ সরকার, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।