বাংলাদেশী তকমা দিয়ে ভারতের মনিপুরে ২৯ জন মুসলমানকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তাদের সবার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র রয়েছে। কাজ করতে ভারতের আসাম থেকে মনিপুর রাজ্যে গিয়েছিলেন তারা। গতকাল ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বিজেপি শাসিত মনিপুর সরকারের পুলিশ বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশী তকমা দিয়ে গ্রেফতার শুরু করেছে। সোমবার মনিপুর পশ্চিম ইম্ফল জেলার মায়াঙ্গ এলাকা থেকে ২৯ জন মুসলিম শ্রমিককে গ্রেফতার করে মনিপুর পুলিশ। তাদের মধ্যে একজন নারী। তাদের সবার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার বিভিন্ন গ্রামে। মঙ্গলবার গ্রেফতার ২৫ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- নঈম উদ্দিন (২৮), একলাস উদ্দিন (৪৩), তসলিম উদ্দিন (২৭), কামাল উদ্দিন (৪৪), জাহেদ আহমু (২১), জাবের আহমেদ (১৮), হিলাল উদ্দিন (৩৪), আব্দুল হক (৩৬), আলা উদ্দিন (২৫), নজমুল হোসেন (২৫), রুজেল হোসেন (১৯), আলমাস উদ্দিন (৩২), আব্দুল হামিদ (১৯), মিসফা বেগম চৌধুরী (২৬), সাইমুল হক তালুকদার (৩৭), আহাদুর রহমান (২৯), আলিম উদ্দিন (৩৪), মাশুক উদ্দিন (৩০), কায়ুম উদ্দিন (৪১), সাহারুল ইসলাম (৩৪), সাদ্দাম হোসেন (৩৩), হান্নান হোসেন (৩১), সাইদুল ইসলাম (২৪), আব্দুল হোসেন (৩০), রাজু আহমেদ (২০)। তারা সেখানকার একটি পাউরুটি কারখানার (বেকারি) শ্রমিক। এ বিষয়ে মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ভারতীয় নাগরিত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে।