সিরাজগঞ্জের তাড়াশে চেতনানাশক ব্যবহার করে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় ডাকাতটা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন দ্রব্যাদি লুট করে।
বুধবার গভীর রাতে উপজেলার দেবী গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ উপজেলা বিএনপির সদস্য মো: আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার দেবী গ্রামের বাসিন্দা ও নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আজম আলীর বাড়িতে একদল ডাকাত জানালার গ্রীল ভেঙে চেতনানাশক প্রয়োগ করে, সবাইকে অজ্ঞান করে নগদ এক লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে কাজের লোক বাসায় গিয়ে ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



