বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১৫ বছর বয়সী স্কুলছাত্র তাউসিফুল করিম রাফি (১৫) জামিন পেয়েছে।

বৃহস্পতিবার সকালে নয় দিন কারাবাসের পর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল।

পুলিশের দাবি অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি। ঘটনার তিন দিন পর পরিবার বিষয়টি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

রাফির বাবা রেজাউল করিম বলেন, ‘বুধবার জেলা প্রশাসক আমাদের ডাকেন। আজ সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যতন আদালতের বিচারক জিল্লুর রহমান জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতঙ্কে আছি। জানি না আমার ছোট্ট ছেলেটা এ ট্রমা থেকে কখন বের হতে পারবে।’

রাফির আইনজীবী আয়াসুর রহমান বলেন, ‘রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।’