দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ট্রেনিং একাডেমিতে ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনা প্রধান।
সেনা প্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগীতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনা প্রধান।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস দল গার্ড অব অনার দেন। পরে সেনা প্রধান উদ্বোধনী ফলক উন্মোচন এবং বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনা প্রধান। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



