ঢাকার আশুলিয়ায় রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ প্রধান আসামি আব্দুল মতিনকে (৩০) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এসব তথ্য জানান। এর আগে, বুধবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় আনা হয়।
গ্রেফতার আবদুল মতিন সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন চরচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
অন্যদিকে নিহত রাসেল সিরাজগঞ্জের গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, রাসেলের কাছ থেকে চাকরি দেয়ার নামে প্রায় সাত লাখ টাকা নিয়ে মতিন পালিয়ে যান। গত অক্টোবর মাসে তাকে খুঁজে পেয়ে রাসেল আশুলিয়ায় খালুর বাসায় নিয়ে আসেন। তারা একই ফ্লাটে রাত্রিযাপন করেন। ওই দিন ভোরে বাগ্বিতন্ডার একপর্যায় মতিন রাসেলকে হত্যা করে পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, টাকা লেনদেন নিয়ে গত ১২ অক্টোবর ভোরে রাসেলকে হত্যা করে মতিন পালিয়ে যান। পরে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে গোয়েন্দা সদস্য পরিচয়ে সেখানে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছে। মতিনকে আজ আদালতে পাঠানো হয়েছে।



