ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে মন্তব্য করে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশে বক্তারা বলেছেন, ‘দেশ এখন ক্রান্তিকাল পার করছে। আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়াতে হবে। এদেশে আওয়ামী লীগ আর নৌকা বলে কোনো কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়ে গেছে।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা শহরের পুরান বাজারে এক কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘আজকে শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ হয়েছে। এর আগে আমরা এভাবে করতে পেরেছি বলে মনে হয় না। তাই দলের কর্মী সমাবেশ জনসমাবেশে রুপান্তরিত হয়েছে। বিএনপি এক ও অভিন্ন। ঐক্যবদ্ধ বিএনপিতে কেউ বাহিরে থাকার কোনো সুযোগ নেই। তারেক রহমানের নির্দেশে আমরা সবাই এক। এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়ন, পৌরসভার নয়টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) ও অ্যাডভোকেট আবেদ রাজা।

এ সময় আরো বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মো: মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো: ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, তাজ উদ্দিন তাজু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা মামলা-হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছেন তারাই আগামী দিনে নেতৃত্বে আসবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।