বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র এখনো চলছে, কেউ তাদের ফাঁদে পা দিবেন না। সব ষড়যন্ত্র রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।’
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতে যা হচ্ছে তা মোটেও কাম্য নয়। অসাম্প্রদায়িক চেতনায় এদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ফাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিএনপি, জামায়াত, এনপিপিসহ সমমনা দলগুলো সজাগ থাকায় আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে দিনের ভোট রাতে হয়েছে। এবার তা হবে না। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট হবে।’
এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, উপদেষ্টা কাজী শওকত আলী, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, নড়াইল পৌর কমিটির সভাপতি আরজান বেগ, সেক্রেটারি জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি বদরুল ইসলাম প্রমুখ।
এ সময় নড়াইলের জুড়ালিয়া বহুমুখী কলেজের প্রভাষক এম এম হেদায়েত আলী ও জামাল আলী, আউড়িয়া ইউপির সাবেক মেম্বর আকরাম হোসেন তোতা ভূঁইয়া, নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি হাফিজ শিকদার, রুহুল আমীন, নাসির শেখ এপিপিতে যোগদান করেন।



