বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদের ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাইজিদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন শহীদ তাহিদের বাবা আব্দুল মান্নান সরদার, শহীদ রাকিব বেপারীর ভাই রেজওয়ান, শহীদ হাফিজ জসিমের বোন মারুফা আক্তার, আহত মাসুম বিল্লাহ, আহত ছাত্র তারেক রহমান, আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সদস্য ও শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।