বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের সাথে যেভাবে সংলাপ করছে ছাত্রদের সাথেও তাদের সেভাবে আলোচনায় বসা উচিত। ছাত্রদের বাদ দিয়ে সংলাপ করলে তাদের (ছাত্র) মধ্যে হতাশা আসতে পারে। তাই সব সংলাপে ছাত্রদের রাখা জরুরি। সেই সাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারও হওয়া উচিত। বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর একটি শিক্ষাঙ্গনে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় উদ্যোগে মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী কেন্দ্রীয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ছিলো না। ছাত্রলীগ যে গতিতে রাজনীতি করেছে তা থেকে সব ছাত্র সংগঠনকে বেরিয়ে আসতে হবে। চব্বিশের আন্দোলনে যারা ছাত্র সমাজের বিপক্ষে থেকে গণহত্যা করেছে, তাদের এই মুহূর্তে বিচারের আওতায় আনা উচিত। বহিষ্কারের চাইতে বিচারের প্রয়োজন বেশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, সেক্রেটারি রেজাউল ইসলাম।