পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মো: শরীফ হোসেন। বুধবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল নির্বাচনে বিজয়ী ১৭ জন পরিচালকের মধ্য থেকে পাঁচজনের নাম ঘোষণা করেন। অন্য চারজনের মধ্যে সিনিয়র সহসভাপতি আবু হিরন, সহসভাপতি আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হন। এর আগে ১৭ জন পরিচালকের মধ্যে পাঁচটি পদের জন্য পাঁচজন তাদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত মঙ্গলবার দিনব্যাপী ১৭টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দু’টি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ব্যবসায়ী আলহাজ মো: শরীফ হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং এ টি এম কামরুজ্জামান শাহানশাহর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হন।