খাগড়াছড়িতে ঘরে ঢুকে চুমকি রানী দাশ (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুমকি রানী দাশ একই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী।

চুমকি দাশের ছেলে প্রাপন্ত দাস জানায়, সন্ধ্যায় তার ব্যবসায়ী বন্ধু বাড়িতে এলে দু’জন একসাথে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আবার গরম কাপড় নিতে এলে ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, ঘরে ঢুকে ওই নারীকে কুপিয়ে হত্যা করে গলার হার, কানের দুল চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এরই মধ্যে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডের ঘটে থাকতে পারে।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম বলেন, ‘ঘটনাস্থলে একটি পাটায় ব্যবহার করার শিল পাওয়া যায়। যা দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। দুবৃর্ত্তরা কানের দুল ছিনিয়ে নেয়ায় চুমকি রানীর কান ছিঁড়ে গেছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ‘তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’