বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহম্মেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কেল্লাপোশি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহম্মেদ কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি মুসলিমপাড়ার মোস্তফা শেখ মস্তোর ছেলে।

স্থানীয়রা জানান, শাকিল শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করছিলেন। সকালে তিনি বাড়ি হতে কর্মস্থলে যাওয়ার সময় কুসুম্বি ইউনিয়নের আঞ্চলিক সড়কের কেল্লাপোশি নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’