জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলসহ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বকশীগঞ্জ, ইসলামপুর ও জামালপুর থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন বকশীগঞ্জ উপজেলার বালুগ্রামের মরহুম দুলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪০), সর্দারপাড়ার মরহুম হাছেন আলী আকন্দের ছেলে রোমান আকন্দ (৩৫), ও ইসলামপুর উপজেলার কাচিহারা গ্রামের মরহুম সাধু মনির ছেলে আল আমিন (৩৫) ও জামালপুর সদর এলাকার রাজাপুর গ্রামের মরহুম নূরে আলমের ছেলে ফরহাদসহ (৩৫) অন্য মামলায় আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘২৬ নভেম্বরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. জাহিদ হাসান ও ২৮ নভেম্বরে বকশীগঞ্জ থানা পুলিশ সদস্য পারভেজ রানার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। পরে এই চোরচক্রকে ধরতে বিভিন্নভাবে অভিযান ও তথ্য সরবরাহ করা হয়। একপর্যায়ে অভিযান পরিচালনা করে চুরি হওয়া দু’টি মোটরসাইকেল ও নিলখিয়া থেকে আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানার এসআই হান্নান ও এসআই জুলহাসের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি-২- এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।’
তিনি আরো বলেন, ‘চোর চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। চোরচক্রের চার সদস্যকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।’



