ষাটোর্ধ্ব অসুস্থ বাবা সাকিব আলী সরদারকে নিয়ে এসেছিলেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। অসুস্থতার কারণে ওই পুনর্বাসন কেন্দ্রে রাখেনি বৃদ্ধকে। কোনো উপায় না পেয়ে বাড়ি নেয়ার পথে গজারি বনে ওই বৃদ্ধ বাবাকে ফেলে রেখে চলে যান তার বড় মেয়ে ও জামাতা। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
ওসি জানান, গত দুই থেকে চার ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর ঘাঁটির পাশের গজারি বনে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, বৃদ্ধ সাকিব আলী সরদার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলর চরডিপুর গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে। তার এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় তার বড় মেয়ের বাসায় থাকতেন।
জয়দেবপুর থানার ওসি জানান, বৃদ্ধ সাকিব আলী সরদারের সম্পত্তি তার ছেলে কৌশলে লিখে নেন। বিপদে পড়ে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ের কাছে আশ্রয় নেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে মেয়ে ও মেয়ের জামাতা বৃদ্ধের আরেক মেয়ে ও ছেলের সাথে পরামর্শ করে তাকে গাজীপুরের জয়দেবপুর থানার বিকেবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেয়।
আব্দুল হালিম জানান, গত ২ ডিসেম্বর তাকে ওই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন তার মেয়ে ও জামাতা। কিন্তু অসুস্থ থাকায় (প্রস্রাবের রাস্তায় নল লাগানো) বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে বাড়ি ফেরার পথে স্থানীয় বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে বৃদ্ধকে ফেলে রেখে যায় মেয়ে ও জামাতা। তিনদিন পর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করেন তিনি।
তিনি আরো জানান, গজারি বনে বৃদ্ধকে অনেক নোংরা অবস্থায় পাওয়া যায়। তাকে গোসল করিয়ে ৪ ডিসেম্বর রাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্বক্ষনিক তার খোঁজ খবর নেয়া হচ্ছে এবং ফলমূলসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাকে (বৃদ্ধ) বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে।



