অশুভ শক্তি পালিয়ে গেছে, তবুও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের কাছে টানা দরকার নেই। যদি কেউ নিজের দলে তাদেরকে টানতে চান তাহলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর হাইস্কুল মাঠে কুসুমহাটি ইউনিয়ন যুবদল আয়োজিত যুব গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, ‘যদি কেউ অশুভ শক্তি লালন করতে চায় তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের বিলম্ব করবে না। আপনাদের চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তাবায়নে জন্য তিনি যুবদলসহ অন্য নেতাকর্মীদের কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মাহবুবুর রহমান পান্নু, হাবিবুর রহমান চুন্নু , মিজানুর রহমান মোল্লা ও যুবদলের দেলোয়ার সিকদার, তানভির নিশু, আব্দুল হান্নান, মো: রনি মোল্লা, সায়মন আহমেদ রুবেল, হেলাল উদ্দিন প্রমুখ।



