অবশেষে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশঘেঁষে ফেলা আবর্জনার স্তূপ অপসারণ করা হয়েছে। গত ২৬ নভেম্বর ‘সাতকানিয়ায় মহাসড়কের পাশে আবর্জনার স্তুপ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কেরানীহাট ব্যবসায়ী সমিতি ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় উক্ত আবর্জনার স্তুপটি অপসারণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ^াস, কেরানীহাট ব্যবসায়ী সমিতির নেতারা ও কেওচিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের ময়লা আবর্জনা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশঘেঁষে ফেলা হচ্ছিল। এতে ময়লার উৎকট গন্ধে পরিবেশ দূষিত হচ্ছিল। সড়কের পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের পাশে ফেলা ময়লা আবর্জনার স্তূপ অপসারণ করে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নয়া দিগন্তসহ বেশ কয়েকটি পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই দ্রুত সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগ নেই।



