পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে বোদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বত্তরা তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।
বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ণ অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।