দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাহির থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচারও হয়। কিন্তু সার্বিকভাবে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা আসছে। সামনে এর জন্য আরো পদক্ষেপ নিয়েছি।’
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে বিরুলিয়ায় ব্র্যাক সিডিএম এ অর্থনৈতিক সম্পর্ক ও সম্পদের পুনর্নির্মাণ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশে ভালো কিছু হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের আখাঙ্খা একটু বেশি এই সরকারের কাছে। সেই আকাঙ্খা তো তিন থেকে চার মাসে পূরণ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি।’
ব্যাংকে নতুন টাকা ছাপানোর বিষয়ে তিনি বলেন, ‘ব্যাংকগুলো এখন লিকুইডুরি ক্রাইসিসে। কারণ ব্যাংকে যারা ডিপোজিট রেখেছেন তাদেরকে তো উপেক্ষা করা উচিত হবে না। এটা তো তাদের টাকা। গ্রাহকদের টাকা চুরি করে নিয়ে গেছে। দুর্নীতি করেছে। এখন ব্যাংককে সাপোর্ট দেয়ার জন্য তা করতে হয়েছে। একটা ব্যাংক যদি গ্রাহকদের চাহিদা দিতে না পারে, ঋণ দিতে না পারে ব্যাংকের অস্তিত্ব থাকে না।’
তিনি বলেন, ‘এই টাকাগুলো কিন্তু আগের টাকা ছাপানোর মতো না। বড় বড় প্রকল্পে এগুলো যাবে না, তাহলে তো আবারো দুর্নীতি হবে। এটা সম্পূর্ণ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত মানুষের জন্য।’



