খাগড়াছড়িতে সাজেক থেকে ফেরার পথে পর্যটকসহ চাঁদের গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন জাকির হোসেন (৩১), সাইফুল (২৭), মোনায়েম (৩৩), কামাল (২৭), শাকিল (২৬), আরফান (২৮) সবুজ (২৭), ইস্রাফিল (২৩), উজ্জল (২৮), সোহেল (৩০)।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কনক সরকার জানান, ‘সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। এ সময় গাড়ি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল গুরুতর অবস্থায় রয়েছে।

তিনি জানান, ‘আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। তারা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছেন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ‘সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হবে।’