অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা: সায়েদুর রহমান বলেছেন, স্বাস্থ্য খাত শুধু সংস্কার করলে হবে না, এটা সম্পূর্ণভাবে ভেঙে পুনর্গঠন করতে হবে। এ কাজে সবার সহযোগিতা চায় সরকার।
গত শুক্রবার রাতে বগুড়ার হোটেল মমইনের কনভেনশন হলে ১০ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মোহাম্মাদ কামরুল আহসান, রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: জাওয়াদুল হক, ওয়ার্ল্ড ফেডারেশন অব পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর রেটিনা বোরিস, সরকারের স্বাস্থ্য খাত সংস্কার কমিটির সদস্য অধ্যাপক ডা: মুজাহেরুল হক এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসেনে আরা বেগম। সম্মেলন আয়োজন করে পাবলিক হেল্থ ফাউন্ডেশন বাংলাদেশ ও বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ।