বগুড়ার গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জের ধরে সজল মিয়া (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
রোববার (৮ ডিসেম্বর) উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজল মিয়া (৪৫) তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে বলে জানা গেছে।
আহতরা হলেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, সকাল ৮টার দিকে তেলিহাটা গ্রামে সজলের সাথে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হয়। এ সময় দু’পক্ষের মারামারি শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল নামে আরো দু’জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা জানার পর নিহতের স্বজনরা ক্ষোভে অভিযুক্তদের ঘর-বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
তিনি বলেন, নিহত সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।



