ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীকে হত্যা মামলায় রহমত উল্লাহ (৪০) না‌মের একজন‌কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপু‌রে তা‌কে আদাল‌তে সোপার্দ ক‌রা হয়।

এরে আগে রোববার রা‌তে নিহ‌তের বড় ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী মামলা করলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রহমত উল্লাহ ওই গ্রামের মহরম আলীর ছেলে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চবিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

এদিকে, সোহাগ নিহতের ঘটনায় তার বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক। তিনি বলেন, ‘সোহাগ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।’