মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পৃথক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় ঢাকামুখী দুই বাসের সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়।
অপরদিকে একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা এলাকায় উপজেলার কামারখোলা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লেগে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭ ৩৯৬১) উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হন। আহত চালকের পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর পুরাতন ফেরীঘাটে গাংচিল পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো জ-১১০৮১১) পেছন থেকে মধুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের আরেকটি বাস ধাক্কা দিলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। কামারখোলায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক ভেতরে আটকা পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অসাবধানতা ও অতি গতি ও ওভারট্রেকিংয়ের ফলে সংঘর্ষ বাঁধছে। এছাড়া এই রুটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানি ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, ‘আহত বাস যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



