বগুড়ার শেরপুরে ভ্যানগাড়ি উল্টে শিহাব (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে ধুনট আঞ্চলিক সড়কে শুবলি এলাকায় এ ঘটনা ঘটে।

শিহাব বথুয়াবাড়ি গ্রামের সোলায়মান আলী শেখের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ভ্যানযোগে বাবার সাথে বাড়িতে ফেরার পথে শুবলি এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় শিহাব মাথায় আঘাত পেলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আমি একজন শিশু মারা যাবার বিষয়টি শুনেছি। তাদের পরিবারের কোনো অভিযোগ নেই। বগুড়া সদর থানায় প্রতিবেদন দিয়েছি।’