মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালকসহ আরো একজন গুরুতর হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে শমশেরগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এখনো বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।