নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মাহিন আহমেদ সাগর (২৭) ও আলভী রাব্বানী জিহান (৩২) নামের দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার বিকেল পৌনে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয়ের অদূরে শাহারপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহিন আহমেদ সাগর জেলার সাপাহার উপজেলার চৌধুরী পাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে ও নিহত আলভী রাব্বানী জিহান একই এলাকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁগামী একটি প্রাইভেটকার ও একটি বাসকে রাজশাহীগামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দু’জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।