গাজীপুরে কাফনের কাপড় ও টুপি পরে কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদেরসহ স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মহানগরীর কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের নারী-পুরুষ সদস্যরা। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। গতকাল দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-গাজীপুর সড়কের পাশে এসব কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া ও খুশি আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি এলাকার ৪৮টি পরিবারকে তাদের পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে গত ৫ আগস্টের আগে অন্তত আটবার পুলিশের সহায়তায় হামলা চালিয়েছে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা। এসব ব্যাপারে থানায় একাধিকবার অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ না করে উল্টো নানা ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। গত ৬ নভেম্বর আদালতের আদেশ অমান্য করে ভূমিদস্যু হাসনাইন, মোশারফ, ওসমান, শুভ ও চাঁন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা ভুক্তভোগীদের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। এ ব্যাপারে কাশিমপুর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেনি। সর্বশেষ গত ২৪ নভেম্বর ২০-২৫ জন ভূমিদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী বানু বেগম ও খুশি বেগমের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ব্যাপারেও থানা পুলিশকে অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওইসব পরিবারকে তাদের ভিটেমাটি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপায়ন্তর না পেয়ে তারা নিজেদের ভিটেমাটি রক্ষা করতে কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন।