ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোর ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা। গতকাল সকালে উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবির বিষয়ে আশ^াস দিলে অবরোধ তুলে নেয় তারা। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, রোর ফ্যাশন নামে কারখানায় তারা প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কর্মরত আছেন। তাদের দুই মাসের বকেয়া বেতন রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ বার বার দেয়ার আশ^াস দিলেও তা দিচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ ইতোপূর্বেও বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করেছে। গত দুই মাসের বেতন না দেয়ায় তারা প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজিরবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগের শিকার হন দূরপাল্লার যাত্রীরা। পরে দূরপাল্লার যানবাহনের চালকরা কয়েক কিলোমিটার ঘুরে সখিপুর সড়কে মল্লিকবাড়ি বাজার ভালুকায় এসে ময়মনসিংহ যান।
কারখানার আইপি বিভাগের ফরহাদ আহমেদ জানান, গত আগস্টের পর থেকে ব্যাংকিং জটিলতার কারণে শ্রমিকদের বেতর পরিশোধে একটু সমস্যা হচ্ছে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, কারখানাটি ইতোপূর্বেও শ্রমকিদের বেতন নিয়ে ঝামেলা করেছে। বেশিরভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭ জনের গত দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া রয়েছে এবং তা গতকাল দেয়ার কথা ছিল কিন্তু সকালে বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।