কুড়িগ্রামের ফুলবাড়ী‌তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ছয়জন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি চৌকস দল।

সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পশ্চিম পাড়ের টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত দু’টি পিকআপ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায় অভিযানের নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।

গ্রেফতার মাদককারবারিরা হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ইব্রাহীম খলিল (৪০), নাটোরের কাজু মিয়া (৪৫), টাঙ্গাইলের মেহেদী হাসান (২১), জয় হাসান (২০), আলাউদ্দিন শিকদার (২১) ও হামিদুল শিকদার (২২)।

তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, মাদককারবারিরা ফুলবাড়ীর কাশিপুর কলেজ মোড় থেকে দু’টি পিকআপে গাঁজা লোড করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ধরলা সেতুর কাছে টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গাঁজাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় পাটের বস্তায় রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।