নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নে মহাদেবপুর-শিবপুর রাস্তার পাশে ছোট একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ২৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে খাজুর ইউনিয়ন পরিষদের দেড়-দু’শ’ গজ পশ্চিমে দক্ষিণ ওড়া নামক স্থানে রাস্তার ঝোপের ভেতর এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক থানায় খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত ওই লাশের প্রকৃত পরিচয় জানা যায়নি।