নরসিংদীর রায়পুরা মেথিকান্দা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ‘গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। নিহতের কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’