ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুমের শিকার ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা ও সোসাইটির সাধারণ সম্পাদক শাহ ফরিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা থেকে গুম হওয়া দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালিউল্লাহ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসসহ গুমের সাথে জড়িতদের বিচারের দাবি করেন বক্তারা। এছাড়া দেশে যেন আর গুমের ঘটনা না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে নবীনগর থেকে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতারের কথা অস্বীকার করেন আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি।



