ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘আজ দেশে শান্তি ও সম্প্রীতি সমাবেশ কেন করতে হচ্ছে? এর কারণ ফ্যাসিস্ট হাসিনা ও মোদী মিলে গভীর ষড়যন্ত্র করছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়া টাউন বারোয়ারী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বরেন্দ্র চন্দ্র সান্যাল, আদিবাসি ফোরামের কেন্দ্রীয় নেতা শ্রীকান্ত মাহাতো, জগন্নাথ মন্দির কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের শেরপুর শহরের সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী শুভ, হিন্দু মহাজোট শেরপুর উপজেলার সদস্যসচিব নিখিল সরকার প্রমুখ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দফতর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদল আহ্বায়ক শাহাবুল করিম, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।