নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল হোসেনসহ (২৭) তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়াহাট আঞ্চলিক সড়কের ভারশোঁ ইউপির বাঁকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে, জাহিদুল ইসলাম কালুশহর গ্রামের মরহুম আবদুল লতিফের ছেলে এবং নুর আলম মান্দা উপজেলার শ্রীরামপুর (সুতিরহাট) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাকিল হোসেন রংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তারা তিনজন বাসায় ফিরছিলেন। পথে দ্রতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেন মারা যান। এ সময় বাকি দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।’