বেগম রোকেয়া দিবস উপলক্ষে পরিবার ও সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শরীয়তপুরের ১০ নারীকে দেয়া হয়েছে জয়িতা সম্মাননা। গত সোমবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র্যা লি ও আলোচনা সভা শেষে জয়িতাদের এ সম্মাননা দেয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদফতর শরীয়তপুরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।
এ বছর ৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৫ জনকে ও উপজেলা পর্যায়ে ৫ জনকে জয়িতা সম্মাননা দেয়া হয়। জেলা পর্যায়ে সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শরীয়তপুর সদর উপজেলার চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের রাবেয়া আক্তার, সফল জননী ক্ষেত্রে শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম কাশাভোগ গ্রামের নার্গিস আক্তার, সমাজ উন্নয়নে সদর উপজেলার ধানুকা গ্রামের ইমু আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের নাজমা। উপজেলা পর্যায়ে সম্মাননা পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ভেদরগঞ্জ উপজেলার বাঐকান্দি গ্রামের জিয়াসমিন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ডামুড্যা উপজেলার ধানকাটি গ্রামের হালিমা খাতুন, সফল জননী ক্ষেত্রে শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের নার্গিস আক্তার, সমাজ উন্নয়নে ডামুড্যা উপজেলার পশ্চিম নান্দ্রা গ্রামের সুলতানা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য ডামুড্যা উপজেলার আতলাকুড়ি গ্রামের ইথার বেগম।
আলোচকরা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সবক্ষেত্রে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ করার আহ্বান জানান।