কক্সবাজারে পৌঁছেছে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি। এ ট্রফির সফরের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঐতিহ্যবাহী সাম্পান বোটে ট্রফিটির প্রদর্শনী করা হয়।

এরপর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মির সামনে দর্শকদের জন্য উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজারে পৌঁছানোর পর সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মিতে রাখা হয় ট্রফিটি।

বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারি-মার্চ ২০২৫ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে। মূল ট্রফিটি উক্ত টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোতে প্রদর্শনের অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজারে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মির সম্মুখের সৈকতে ট্রফিটি প্রদর্শন করবে। ট্রফি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম বলেন, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩০ সদস্যদের একটি দল এ ট্রফির বিশেষ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।’