নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বিএনপিকর্মী শফিকুল ইসলাম শফিকের (৪৬) লাশ দাফনের চার মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের উপস্থিতিতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
আড়াইহাজারের গোপালদী তদন্তকেন্দ্রের এসআই হাসান মাতুব্বর লাশ উত্তোলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ আগস্ট নিহত শফিকুল ইসলামের স্ত্রী তাছলিমা আক্তার শেখ হাসিনাসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী, দেবর জাহাঙ্গির, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। এর জের ধরে পরে ওই দিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামের আনসার আলীর বাড়ির সামনে গেলে তার স্বামী, ভাসুর, দেবরদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গালাগাল করে। তার স্বামী তখন গালাগাল করতে নিষেধ করায় তাকে পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহসহ ১৩১ আসামির নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়।



