ভারতের আগরতলা অভিমুখে লংমার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির তিন অঙ্গসংগঠনের পথসভার আয়োজন করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নিউটাউন মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ সময় বক্তব্য দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।

পথসভায় কেন্দ্রীয় ও কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় রাজধানীর নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়।

লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গাড়িবহর ঢাকা থেকে বের হওয়ার পর সড়কের দু’পাশে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তারা হাত নেড়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানান।

এদিকে বেলা দেড়টায় ভৈরব থেকে আগরতলামুখী লংমার্চ যাত্রা শুরু করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম লংমার্চে অংশ নেয়া গাড়িবহরে থাকা নেতাকর্মীদের স্বাগত জানান।

এ সময় ‘দিল্লি না ঢাকা/ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা/হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, দেশটির মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের নিজস্ব বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও সাম্প্রদায়িকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।