খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে সার্বিক চিকিৎসা কার্যক্রম। এতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। সুন্দরবন উপকূলীয় জনপদের প্রায় সাড়ে চার লাখ মানুষের জন্য মাত্র একটি হাসপাতাল। ৫০ শয্যাবিশিষ্ট ব্যস্ততম হাসপাতালটির ইনডোর, আউটডোর, নাইট ডিউটি, জরুরী বিভাগসহ সব ক্ষেত্রে চিকিৎসা সেবা কার্যক্রম চালাতে চারজন চিকিৎসকের পক্ষে দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট হলেও এখানে সার্বক্ষণিক ৮০ থেকে ১১০ জন রোগী ভর্তি থাকেন। কখনো রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে, বারান্দা ছাপিয়ে সিঁড়িতে পর্যন্ত থাকতে বাধ্য হন রোগীরা। অথচ চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র চারজন চিকিৎসক। সূত্র জানায়, সাড়ে চার লাখ অধিবাসী এ উপজেলার রোগীরা ছাড়াও আশপাশের জেলা সাতক্ষীরার আশাশুনি ও তালা উপজেলা, খুলনার দাকোপ এবং চালনা থেকেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগীরা।
জানা যায়, ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও শূণ্য রয়েছে ১৭টি পদ। কর্মরত সাতজনের মধ্যে অন্য হাসপাতালে তিনজন সংযুক্তি থাকার কারণে চারজন দিয়ে চালাতে হচ্ছে চিকিৎসা সেবা।
সেবাপ্রার্থী ভূক্তভোগীরা জানান, ডাক্তার সঙ্কটে আউটডোরে টিকিট কেটে ডাক্তারের পরামর্শ নিতে কখনো কখনো দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনো আবার চিকিৎসা দিতে না পারায় উন্নত চিকিৎসার কথা বলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন তারা।
এদিকে হাসপাতালের একটি এক্স-রে মেশিন থাকলেও আলোর মুখ দেখেনি সেটি। প্যাথলজি বিভাগে মেশিন সরঞ্জামাদি না থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাধ্যতামূলক বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও উপকরণ সঙ্কটে চরমভাবে চিকিৎসা সেবা ব্যাহতের পাশাপাশি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী।
এ সব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবর রহমান জানান, তিনি অল্প ক’দিন আগে এখানে যোগদান করেছেন। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। হাসপাতালের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সঙ্কট রয়েছে। অপ্রতুল সীমাবদ্ধতার মধ্যেও তারা যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনেক পদই শূণ্য রয়েছে। যে কারণে তারা প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
জনবল সঙ্কটে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে সার্বিক চিকিৎসা কার্যক্রম। এতে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। সুন্দরবন উপকূলীয় জনপদের প্রায়...



