দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছেন তারেক রহমান মন্তব্য করে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পায়নি।’

বুধবার (১১ ডিসেম্বর) বগুড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় কৃষক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিশাল র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে শেষ হয়। এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থেকে সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।’

বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্যসচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহাবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, সহিদ উন-নবী সালাম, বিএনপি নেতা আব্দুল মালেক, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।