চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও’র বিরুদ্ধে হয়রানী ও কোর্ট অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ভোলার সাধারণ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর মো: মাসুম ও জিআরও আবদুস সালাম ও নুর ইসলাম দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী জনগণকে হয়রানী করছেন এবং বিচারপ্রার্থী মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এই তিন দূর্ণীতিবাজের কাছে জনগন জিম্মি হয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত এই দুই দুর্নীতিবাজকে অতিদ্রুত ভোলা থেকে অপসারণ করার দাবি জানিয়ে তারা আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে তাদেরকে বদলি করা না হলে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ড. এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, এপিপি এডভোকেট মোঃ ইউসুফ হোসেন, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জিপি এডভোকেট মেজবাহুল আলম, এপিপি এডভোকেট ফয়সল রাসেল, এডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।