নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে নিহত বিএনপি কর্মী শফিকুল ইসলাম শফিকের (৪৬) লাশ দাফনের চার মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের উপস্থিতিতে বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাতুব্বর লাশ উত্তোলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২১ আগস্ট নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদি হয়ে শেখ হাসিনাসহ ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।