নারায়ণগঞ্জের দেওভোগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সীমান্ত (২০) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে এ ঘটনা ঘটে।

সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে এবং রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

সীমান্তের বাবা হাজী আলম জানান, সকালে কলেজে যাবার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তর ব্যাগ, মোবাইল টানাটানি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো জানান, আমরা ইতোমধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো।

এ বিষয়ে পুলিশের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।