বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মানুষের আস্থা ফেরাতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে খুন, গুম হবে না। পাঁচার হওয়া অর্থ ফেরত আসবে। জুলাই-আগস্টের শহীদদের বিচার হবে।’

জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপি সাবেক সভাপতি এম নাসের রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।